রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জুনের শুরু থেকেই কঠোর চিরুনি অভিযান চালাচ্ছে। চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ১ হাজার ৫৩৭ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
ডিএমপি জানায়, বিশেষ অভিযানে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাস ও মাদকের মতো অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৫৪ জন চাঁদাবাজ রয়েছে, যার মধ্যে একজজন পুলিশের তালিকাভুক্ত এবং বাকি ৫৩ জন তালিকা বহির্ভূত। এ ছাড়া নগরের নিরাপত্তা বিঘ্নিতকারী সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাত চক্রের ৪৬৩ জন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
এদিকে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে এই ২০ দিনে ১ হাজার ২০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, মহানগরের বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমুক্ত ঢাকা গড়তে পুলিশের এই বিশেষ অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।


