আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। দিনটিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই নিরাপত্তা কর্মযজ্ঞে মাঠে থাকবে ডিএমপির ১৮ হাজারেরও বেশি পুলিশ সদস্য।
রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ডিএমপি।
ডিএমপি জানায়, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে রাজধানীজুড়ে ২০০টিরও বেশি কৌশলগত স্থানে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট স্থাপন করা হবে। একই সঙ্গে ঢাকার সবকটি প্রবেশপথে কড়া তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে, যাতে কোনো বহিরাগত বা সন্দেহভাজন ব্যক্তি প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরালো করতে নিয়মিত পুলিশের পাশাপাশি মাঠে সক্রিয় থাকবে ডিএমপির বিশেষায়িত ইউনিটগুলো। এর মধ্যে গোয়েন্দা শাখা (ডিবি) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট সার্বক্ষণিক মোতায়েন থাকবে। পাশাপাশি যেকোনো ধরনের আগাম নাশকতা বা ষড়যন্ত্র রুখে দিতে সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশন (আইএডি) ব্যাপক গোয়েন্দা নজরদারি চালাবে।
যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার জন্য মহানগরের বিভিন্ন পয়েন্টে ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে। এ ছাড়া ঢাকার চারটি প্রধান কন্ট্রোলরুমে পর্যাপ্ত সংখ্যক ফোর্স রিজার্ভ রাখা হবে। ডিএমপি কমিশনারসহ পুলিশের সব ঊর্ধ্বতন কর্মকর্তা সরেজমিনে মাঠে উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা ডিউটি তদারকি করবেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, যেকোনো মূল্যে রাজধানীর শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ডিএমপি বদ্ধপরিকর এবং নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য আশ্বস্ত করা হয়েছে।


