প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ৭ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে ইউনিফর্ম, ব্যাগ, জুতা ও মোজা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
সরকারের নির্বাচনী অঙ্গীকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী জুলাই মাসে এর একটি পাইলট কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।
সোমবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাইলটভিত্তিক পরিবেশবান্ধব পাটজাত স্কুল ব্যাগ প্রদান কার্যক্রমের প্রস্তুতিমূলক আন্তমন্ত্রণালয় সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, দেশের প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম, স্কুল ব্যাগ, স্কুলে যাওয়ার উপযোগী জুতা ও মোজা সরবরাহের লক্ষ্যে সরকার একটি বৃহৎ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। প্রথম ধাপে কয়েক লাখ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করে পাইলট কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
কর্মসূচির অংশ হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয় ৫ লাখ পাটের স্কুল ব্যাগ সরবরাহ করবে। পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয় উপজেলা ও স্থানীয় পর্যায়ে কর্মসূচি বাস্তবায়ন এবং দ্রুত শিক্ষার্থীদের কাছে সামগ্রী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সার্বিক সহায়তা প্রদান করবে।
প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের প্রথম ১৮০ দিন পূর্ণ হওয়ার আগেই দেশব্যাপী এই পাইলট কর্মসূচি শুরু হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
প্রাথমিক পর্যায়ে লক্ষাধিক শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হবে এবং পর্যায়ক্রমে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে চার লক্ষাধিক শিক্ষার্থীর কাছে ইউনিফর্ম, স্কুল ব্যাগ, জুতা ও মোজা পৌঁছে দেওয়া হবে।
ববি হাজ্জাজ আরও বলেন, পাইলট কর্মসূচির সফল বাস্তবায়নের ভিত্তিতে আগামী বছর আরও বৃহৎ পরিসরে এটি সম্প্রসারণ করা হবে।
পিইডিপি-৫-এর আওতায় বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে সরকার বদ্ধপরিকর, যোগ করেন তিনি।
শিক্ষার উন্নয়নকে জাতীয় অগ্রাধিকারে পরিণত করতে সম্মিলিত কাজের জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং এলজিআরডি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গঠনের ভিত্তি।
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্য কর্মকর্তারা।


