বনাঞ্চল ধ্বংস করে শিল্প গড়ার উদ্যোগ নেওয়া ব্যক্তি আমাদের পরিবেশমন্ত্রী। এতে আগামী পাঁচ বছরে পরিবেশের কী দশা হবে, তা অনুমান করা যায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এনসিপি ঢাকা মহানগর উত্তরের বৃক্ষ বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
কর্মসূচি নিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে বড় কিছু করার সুযোগ না থাকলেও পরিবেশ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।’
সরকারের পরিবেশবিষয়ক নীতির সমালোচনা করে তিনি বলেন, ‘সরকারের পলিসিতে পরিবেশের গুরুত্ব নেই। এই সরকার কাজ না করলে পাঁচ বছর পর যারা ক্ষমতায় আসবে, তাদের জন্য আরও বড় ক্ষতি হয়ে যাবে।’
অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় নাগরিকদের সচেতন হওয়ার পাশাপাশি সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এনসিপি মুখপাত্র।


