টেকনাফে মালয়েশিয়াগামী ৫০ জন উদ্ধার, আটক ৯ মানব পাচারকারী

টেকনাফে মালয়েশিয়াগামী ৫০ জন উদ্ধার, আটক ৯ মানব পাচারকারী
টেকনাফে মালয়েশিয়াগামী ৫০ জন উদ্ধার, আটক ৯ মানব পাচারকারী। ছবি: কোস্ট গার্ড
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফের বাহারছড়াসংলগ্ন সমুদ্র এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং নয়জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে।

শনিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সমুদ্রপথে মানব পাচার রোধে চলমান নজরদারির অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ ‘মনসুর আলী’, স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী ও বাহারছড়ার সদস্যরা যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি নির্দেশনা অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বাহারছড়াসংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়।
আটক বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল এমন ৫০ জনকে উদ্ধার করা হয়। একই সঙ্গে নয়জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। পরে তাদের গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন চালানো এবং মুক্তিপণ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

এ ছাড়া পাচারকারীরা উদ্ধার হওয়া ব্যক্তিদের সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা করেছিল। কয়েকজন ভুক্তভোগীকে দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

উদ্ধার করা ব্যক্তিদের, আটক বোট এবং মানব পাচারকারীদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী বলেন, মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad