নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলম ও পরিচালনা পর্ষদের সব সদস্যের অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইসলামী ব্যাংকের একাংশের গ্রাহকরা।
মঙ্গলবার সকাল ৯টার দিকে জামাত সমর্থিত ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে বিক্ষোভকারীরা রাজধানীর মতিঝিলের দিলকুশায় অবস্থিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় তাদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনায় সাম্প্রতিক পরিবর্তনে অনিয়ম হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করা এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ অতিরিক্ত সদস্য, জলকামান ও সাঁজোয়া যান মোতায়েন করা হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের সঙ্গে চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের এর সম্পর্ক রয়েছে। এ অভিযোগে তার তাৎক্ষণিক অপসারণ দাবি করেন তারা।
এর আগে সোমবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।
এদিকে একই দাবিতে চাঁদপুরেও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা। মঙ্গলবার বেলা ১১টায় শহরের জেএম সেনগুপ্ত রোডে ইসলামী ব্যাংকের চাঁদপুর কার্যালয়ের সামনে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে গ্রাহক, ব্যবসায়ী ও স্থানীয়রা অংশ নেন।


