ঈদুল আজহার ছুটি শেষে বরিশালে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়

ঈদুল আজহার ছুটি শেষে বরিশালে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়
রোববার বিকাল থেকে বরিশাল নদী বন্দরে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঈদুল আজহার ছুটি শেষে নাড়ির টানে বাড়ি ফেরা দক্ষিণাঞ্চলের হাজারো মানুষ আবার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রোববার বিকাল থেকে বরিশাল নদী বন্দর ও কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।

লঞ্চ ঘাট সূত্রে জানা গেছে, বিকালে কর্মস্থলে ফেরা যাত্রীদের রাজধানীতে নিয়ে যাওয়ার জন্য বরিশাল নদী বন্দরে ঢাকা-বরিশাল রুটের আটটি বিলাসবহুল লঞ্চ অপেক্ষমাণ ছিল। অফিস খোলার ঠিক আগের মুহূর্তে ঘাটে এসে পৌঁছানোয় যাত্রীদের চাপে পুরো নদী বন্দর এলাকা লোকারণ্য হয়ে ওঠে।

লঞ্চের ডেকের যাত্রীরা জানান, প্রিয়জনের সঙ্গে ঈদ কাটিয়ে স্বস্তিতে ফিরতে তারা লঞ্চকে বেছে নিয়েছেন। তবে ডেকের জায়গা পেয়ে অনেকে সন্তোষ প্রকাশ করলেও কেবিনের সংকটের কথা জানিয়েছেন অনেকে। তারা বলেন, কেবিনের টিকিট আগেই বুকিং হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো লঞ্চ যেন ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন করতে না পারে, সেজন্য নৌবন্দরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন নৌপরিবহনমন্ত্রী। মানুষ যাতে স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পারে, সেজন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে।

এদিকে সড়ক পথেও যাত্রীদের ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে। বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকাগামী যাত্রীরা টিকিটের জন্য ভিড় করছেন। অনেকে কাউন্টারে বাসের জন্য অপেক্ষা করছেন, আবার অনেকে সড়কের ওপর থেকে টিকিট কেটে গাড়িতে উঠছেন।

আরও পড়ুন

বাস কাউন্টার ম্যানেজার ও সুপারভাইজাররা জানান, ঈদ শেষে মানুষ ঢাকায় ফিরতে শুরু করায় যাত্রীদের চাপ এবার কিছুটা বেশি। সোমবার থেকে এই চাপ আরও বাড়তে পারে। তবে সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে বলে দাবি করেন তারা।

অবশ্য যাত্রীদের অভিযোগ, ভালো মানের বাসের টিকিট পাওয়া যাচ্ছে না। এই সুযোগে কিছু লোকাল বাস রাস্তার ওপর থেকে যাত্রী তোলার সময় ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করছে।

বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘সোমবার থেকে যাত্রীদের চাপ আরও বাড়বে। সড়কে যেন সাধারণ মানুষের কোনো ধরনের ভোগান্তি না হয়, সেজন্য কাজ করছি। পাশাপাশি সরকার নির্ধারিত ভাড়ার বাইরে যেন কেউ বাড়তি টাকা না নেয়, সেদিকেও নজর রাখা হচ্ছে।’

ঈদে বাড়ি ফেরা মানুষ যাতে নির্বিঘ্নে ও নিরাপদে কর্মস্থলে পৌঁছাতে পারেন, সেজন্য বরিশাল সিটি করপোরেশন ও স্থানীয় প্রশাসন নানা পদক্ষেপ নিয়েছে। সড়ক ও নৌপথ নিরাপদ রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad