রাজধানীর ডেমরার বাঁশেরপুর এলাকায় একটি স্টিল মিলে লোহা গলানোর সময় বয়লার বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে বাঁশেরপুর এলাকার জেডএসআরএম স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন-সাব্বির হোসেন (২৪), তোফাজ্জল হোসেন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)।
তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আল-আমিন হোসেন জানান, সকালে তারা স্টিল মিলে বয়লার মেশিনে লোহা গালানোর কাজ করছিলেন। তখন বয়লারের মধ্যে গোলযোগের কারণে একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গলিত লোহা আশপাশে ছড়িয়ে পড়লে তাদের তিন শ্রমিক দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে সাব্বির হোসেনের শরীরের ৩৫ শতাংশ, তোফাজ্জল হোসেনের ২৩ শতাংশ এবং মাজেদ হোসেনের ১ শতাংশ অংশ পুড়ে গেছে।
তিনি বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে মাজেদ হোসেনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে সাব্বির ও তোফাজ্জলকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।


