ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, রোববার ভোর ৫টার দিকে সীমান্তে দায়িত্বরত অবস্থায় বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১০ জনকে আটক করে বিজিবির বারাদি ক্যাম্পের সদস্যরা। তাদের মধ্যে দুইজন পুরুষ, তিনজন মহিলা ও পাঁচ শিশু রয়েছে। তারা ভারত থেকে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক আইনানুগ কার্যক্রম শেষে তাদের দর্শনা থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলাও হবে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


