আসন্ন নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রশাসন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মো. রেজাউল করিম।
তিনি বলেন, ‘তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই এমপি প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সারাদেশে সংঘটিত এসব ঘটনা এবং লক্ষ্মীপুরের সাম্প্রতিক ঘটনাগুলো স্পষ্টভাবে প্রমাণ করে, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রশাসন ব্যর্থ হয়েছে।’
শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বটগাছতলা এলাকায় জামায়াতের নেতাকর্মীদের ওপর ‘বিএনপির হামলার’ প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
যারা এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে, তারা সত্যিই অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় কিনা এমন প্রশ্ন তুলেন রেজাউল করিম।
প্রশাসন কখনো কখনো একপেশে নীতি অবলম্বন করে জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘একপক্ষ মামলা করতে গেলে আরেক পক্ষও মামলা দেবে, আপনারা নিজেরা সমঝোতা করুন– এমন বক্তব্য দেওয়া হয়। এ ধরনের কথা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি বলা উচিত নয়।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ।


