ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে আলিমুজ্জামান মাতুব্বর (৫৫) নামে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী গ্রামের সিসিবিএল তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলিমুজ্জামান মাতুব্বর ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের উত্তরকান্দি গ্রামের হোসেন মাতুব্বরের ছেলে। তিনি বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) থেকে অবসর নিয়েছেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কোরবানির মাংস নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার আলিম।
ভাঙ্গা ফায়ার স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, নিহত ব্যক্তি কোরবানির গরুর মাংস নিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় পেছন দিক থেকে বেপরোয়া গতিতে আসা আরেকটি মোটরসাইকেল তাকে ওভারটেক করতে গেলে দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।
গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


