রাজধানীর বাড্ডায় চিপস তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কারখানাটির দুই কর্মচারী নিহত হয়েছেন। নিহতরা হলেন মোস্তফা (২১) ও মাহমুদুল হাসান (২৩)।
সোমবার ভোর সোয়া ৪টার দিকে পূর্ব বাড্ডা কবরস্থান রোডের মারিয়া আব্দুল্লাহ ফুড নামের চিপস তৈরির কারখানা থেকে দুজনের দগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার দিনগত রাত ২টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল ও মোস্তফার গ্রামের বাড়ি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায়।
ওই কারখানার কর্মচারী মো. রাকিবুল ইসলাম জানান, পূর্ব বাড্ডা কবরস্থান রোডে মালিক আমিরুল ইসলামের মারিয়া আব্দুলাহ ফুড নামে চিপস তৈরির কারখানায় তারা কাজ করেন। কারখানাটি টিনশেড দুইতলা। গতরাতে ১০ জন কর্মচারী কারখানার ভেতরে ছিলেন।
রাতে তারা কারখানার দুইতলায় ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে গরম ধোঁয়ায় ও চিৎকারের শব্দে তাদের ঘুম ভেঙে যায়। কারখানার সবাই বাইরে বের হলেও মোস্তফা ও মাহমুদুল বের হতে পারেননি। আগুন নেভানোর পর দুইতলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) মো. আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিভিয়ে ফেলেন। সেখান থেকে দুই কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।


