বাংলাদেশে চলমান হামের পরিস্থিতি মোকাবিলায় জরুরি প্রতিক্রিয়া কার্যক্রমকে সহায়তা করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে জরুরি চিকিৎসা সরঞ্জাম অনুদান প্রদান করেছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)।
এই অনুদানের আওতায় ১৪টি অক্সিজেন কনসেনট্রেটর, ৫৭০ টি এয়ারওয়ে ম্যানেজমেন্ট ডিভাইস, ১২টি ব্যাগ-ভালভ-মাস্ক রিসাসিটেটর এবং ম্যানুয়াল সাকশন ডিভাইস অন্তর্ভুক্ত রয়েছে। জরুরি প্রস্তুতি ও প্রতিক্রিয়া সক্ষমতা জোরদার করার পাশাপাশি এই চিকিতসা সরঞ্জামগুলো শ্বাসকষ্টজনিত জটিলতা ও অন্যান্য জরুরি রোগী ব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন-এর উপস্থিতিতে সচিবালয়ে তার দপ্তরে অনুদান হস্তান্তর অনুষ্ঠিত হয়। আইসিআরসি ঢাকা ডেলিগেশনের পক্ষ থেকে হেলথ প্রোগ্রাম ম্যানেজার ডা. জলিসা খানম আনুষ্ঠানিকভাবে এই চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন।
সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্বাস্থ্য অধিদপ্তর এর ঊর্ধ্বতন প্রতিনিধি এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বাংলাদেশ ডেলিগেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


