বাংলাদেশ ফুটবল লিগের চলতি মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামার আগেই এক অন্যরকম সংহতি দেখাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শনিবার নিজেদের শেষ ম্যাচে নামার আগে খেলোয়াড়রা মাঠে প্রবেশ করেন ‘জাস্টিস ফর রামিসা’ (রামিসার জন্য বিচার) লেখা একটি ব্যানার হাতে। গত মঙ্গলবার আট বছরের শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় পুরো দেশ যখন উত্তাল, তখন মাঠের লড়াইয়ের আগে মোহামেডান খেলোয়াড়দের এই উদ্যোগ দর্শকদের হৃদয়ে নাড়া দেয়। ম্যাচের স্কোরলাইনের চেয়েও এই প্রতিবাদের ছবিটাই যেন দিনের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়।
রামিসা হত্যাকাণ্ডের ঘটনাটি দেশের বিবেককে দারুণভাবে নাড়া দিয়েছে। সারাদেশেই এখন এই জঘন্য ঘটনার বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জোরালো হচ্ছে। সেই দায়বদ্ধতা থেকেই মোহামেডান খেলোয়াড়রা টেলিভিশন দর্শক ও স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের সামনে নিজেদের কণ্ঠস্বর পৌঁছে দিতে এই প্রতিবাদের পথ বেছে নেন। তাদের এই নিরব কিন্তু জোরালো প্রতিবাদ সংহতি প্রকাশ করেছে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবির সঙ্গে।
এদিকে মাঠের খেলায় মোহামেডান ছিল পুরোপুরি অপ্রতিরোধ্য। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে তারা দাপটের সঙ্গে জয় পেয়েছে ৫-০ ব্যবধানে। দলের হয়ে সৌরভ দেওয়ান হ্যাটট্রিক করেন। এছাড়া শফিউল হোসেন ও মোজাফফর মোজাফফরভ একটি করে গোল করে জয় নিশ্চিত করেন। এই জয়ে ১৮ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করল মোহামেডান। গত মৌসুমে শিরোপা জয়ী দলটির জন্য এই মৌসুমটি ছিল বেশ চ্যালেঞ্জিং, যেখানে শিরোপার লড়াই থেকে অনেক আগেই ছিটকে পড়তে হয়েছিল তাদের। তবে মৌসুমের শেষ ম্যাচটি দাপুটে জয় দিয়েই রাঙাল মোহামেডান।


