নওগাঁয় বাসচালককে মারধর ও কাউন্টার ভাঙচুরের জেরে সাত ঘণ্টা বন্ধ থাকার পর দূরপাল্লার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে কয়েক ঘণ্টা আলোচনার পর বিকাল সাড়ে ৫টার দিকে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করলে যানবাহন চলাচল শুরু হয়।
এর আগে, সোমবার রাত ১টার দিকে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সোহাগের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন যুবকের বিরুদ্ধে একতা পরিবহনের এক চালককে মারধর এবং কাউন্টার ভাঙচুরের অভিযোগ ওঠে।
এর প্রতিবাদে এদিন সকাল ১০টা থেকে নওগাঁ-বগুড়া-ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ সব রুটের দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
নওগাঁ মোটরশ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘শ্রমিকদের ওপর যারা হামলা চালিয়েছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি যে দলের নেতা হোক না কেন। প্রশাসন থেকে জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।’
তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা শহিদুল ইসলাম সোহাগ টাইমসকে বলেন, ‘বাসচালক এক সহকর্মীর গায়ে গাড়ি লাগাতে গেলে উত্তেজনা তৈরি হয়। পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হলেও ভাঙচুর ঠেকানোর চেষ্টা করেছি। কাউকে মারধর করা হয়নি, ঘটনাটি সঠিক নয়। বর্তমানে বিষয়টি মীমাংসা করা হচ্ছে।’
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, বাস চলাচল এখন স্বাভাবিক রয়েছে। চালক ও শ্রমিককে মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


