কাঁচা পাট রপ্তানির ওপর আরোপিত শর্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ)। এ দাবিতে খুলনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জুট প্রেস শ্রমিকরা। মঙ্গলবারের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বুধবার থেকে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি পালনের ঘোষণাও দেন তারা।
মঙ্গলবার সকালে খুলনার দৌলতপুরে বিজেএ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কাঁচা পাটকে রপ্তানি নীতি ২০২৪-২০২৭-এর পরিশিষ্ট-২ অনুযায়ী শর্তযুক্ত রপ্তানি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এতে কাঁচা পাট রপ্তানিকারকরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েন এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট লক্ষাধিক শ্রমিক-কর্মচারী কর্মহীন হয়ে পড়েন।
তিনি অভিযোগ করেন, বিজেএর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই নেওয়া এ সিদ্ধান্তের ফলে পাটচাষিরাও ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন এবং বৈদেশিক মুদ্রা আয় বাধাগ্রস্ত হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রায় ৭৫ লাখ বেল পাট উৎপাদিত হয় এবং বছর শেষে সাড়ে তিন লাখ বেল উদ্বৃত্ত থাকে। চলতি ২০২৫-২৬ মৌসুমে উৎপাদন হয়েছে ৮৩ দশমিক ১৫ লাখ বেল। আগের বছরের মজুদসহ বর্তমানে দেশে মোট ৮৬ দশমিক ৬৭ লাখ বেল কাঁচা পাট রয়েছে।
বিজেএর দাবি, দেশের পাটকল ও অভ্যন্তরীণ চাহিদা মেটাতে বছরে প্রায় ৪৫ লাখ বেল কাঁচা পাট প্রয়োজন হয়। এরপরও প্রতিবছর ৮ থেকে ১০ লাখ বেল কাঁচা পাট রপ্তানি করে প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হয়।
কিন্তু গত বছরের ৮ সেপ্টেম্বর কাঁচা পাট রপ্তানিতে শর্ত আরোপের পর চলতি অর্থবছরের নভেম্বর পর্যন্ত মাত্র ৮৬ হাজার ৩৬৭ বেল পাট রপ্তানি হয়েছে, যেখান থেকে আয় হয়েছে ১৪৭ কোটি ৩৪ লাখ টাকা।
খন্দকার আলমগীর কবির আরও বলেন, রপ্তানি বন্ধ থাকায় খুলনা, নারায়ণগঞ্জ, বৃহত্তর ফরিদপুর ও উত্তরবঙ্গসহ দেশের প্রায় ৪০টি ছোট-বড় জুট প্রেস হাউস বন্ধ রয়েছে। ফলে প্রায় নয় মাস ধরে লক্ষাধিক শ্রমিক কর্মহীন হয়ে চরম দুর্ভোগে আছেন। একই সঙ্গে ব্যবসা বন্ধ থাকলেও গুদাম ভাড়া, ব্যাংক ঋণের সুদ, বীমা ও শ্রমিক ব্যয়সহ নানা খরচ বহন করতে হওয়ায় প্রতিষ্ঠানগুলোর আর্থিক সংকট বাড়ছে।

তিনি বলেন, কাঁচা পাটকে শর্তযুক্ত রপ্তানি পণ্যের তালিকা থেকে অব্যাহতি না দেওয়া পর্যন্ত বুধবার থেকে খুলনার দৌলতপুরে বিজেএ কার্যালয়ের সামনে ধারাবাহিক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলন শেষে জুট বেলিং শ্রমিকরা বিজেএ ভবনের সামনে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেন। তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং কাঁচা পাট রপ্তানির ওপর আরোপিত শর্ত প্রত্যাহারের দাবি জানান।


