ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৫তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ কে এম মতিনুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে তাকে চার বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে। পদে থাকাকালীন তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী উপাচার্য পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও পাবেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
মতিনুর রহমান ইবির বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’-এর আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের (ইউট্যাব) কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তার ৩৪টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি নেপাল, ভারত, শ্রীলঙ্কা, চীন, সুইডেন, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন। এ ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।


