রাউজানে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু

রাউজানে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু
প্রতীকী ছবি

চট্টগ্রামের রাউজানে আবারও গুলিবর্ষণের ঘটনায় নাসির উদ্দিন (৫০) প্রকাশ মধু নাসির নামে এক যুবদল কর্মীর মৃত্যু হয়েছে।রোববার রাতে উপজেলার কদলপুর ইউনিয়নে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত নাসির স্থানীয় কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমশেরনগর গ্রামের দুদু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, রাত ৯টার দিকে কদলপুর ইউনিয়নের ঈশানভট্টেরহাট এলাকায় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত নাসিরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থলে একাধিক গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে।

পরে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ২ নম্বর ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান জানান, নাসির যুবদলের একজন সক্রিয় কর্মী এবং তাকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে।

তবে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, নাসিরের বিরুদ্ধে হত্যাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

তবে নিহতের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে পুলিশ কোনও নিশ্চিত তথ্য দিতে পারেনি।

এর আগে, গত শুক্রবার রাতেও রাউজানের ৯ নম্বর ওয়ার্ডে এক প্রবাসী বিএনপি সমর্থককে গুলি করে হত্যা করা হয়। পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর