মেহেরপুরের গাংনীতে নদীতে ডুবে আব্রাহাম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চর গোয়াল গ্রামে মাথাভাঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্রাহাম একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আকাশ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর পাশেই বসতবাড়ি হওয়ায় সকালে খেলাধুলার সময় অসাবধানতাবশত শিশুটি নদীতে পড়ে যায়। কিছুক্ষণ পর এলাকাবাসী তাকে নদীর পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন এবং শিশুটিকে উদ্ধার করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


