এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে ছবি তৈরি করে আওয়ামী লীগ লকডাউন পালন করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, আওয়ামী লীগের লকডাউনে কোনো মানুষ নেই। এআই দিয়ে কিছু ছবি তৈরি করে তারা লকডাউন পালন করছে। কিছু নেশাগ্রস্ত উচ্ছৃঙ্খল ছেলেদের দিয়ে টাকার বিনিময়ে প্রধান সড়কে গুপ্তভাবে ভোররাতে একটি ঝটিকা মিছিল করে বাসে আগুন দিয়ে ছবি তুলে তারা ফেসবুকে ছেড়ে দিচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের জনতা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপির নেতৃত্বে সব রাজনৈতিক দল আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে জানিয়ে এ্যানি বলেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন নিজের ভোটে, নিজের জনপ্রিয়তায় নয়। রাতের অন্ধকারের দখলদারিত্বে প্রধানমন্ত্রী ছিলেন। তিনি রাজনীতি করেননি, আমাদেরও রাজনীতি করতে দেননি।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা বলেছিলেন যারা বাসে আগুন দেবে, তাদের আগুনে পুড়িয়ে দেওয়া হবে। এখন তো তিনি নিজেই নেই। পালিয়ে যাওয়ার আগে আত্মীয়স্বজন সবাইকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। তিনি নাকি পালান না, কিন্তু পালিয়ে গেছেন।
বর্তমান প্রজন্ম পালায়নি জানিয়ে তিনি বলেন, এই তরুণরাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে।
এ্যানি অভিযোগ করেন, হাসিনার আমলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে, মামলা হয়েছে, বহু পরিবার গুম-খুনের শিকার হয়েছে। স্বাধীনতার পর আওয়ামী লীগ দুর্নীতি, দুঃশাসন ও দূর্বৃত্তায়নের মাধ্যমে দেশকে বিপর্যস্ত করেছে এবং তাদের হাতেই ছিল মুজিব বাহিনী ও রক্ষী বাহিনী জানান তিনি।
নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালনা কমিটির সাবেক সভাপতি শিব্বির মাহমুদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেল্লাল হোসেন, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু ও জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।


