বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে জয়ী হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে বিসিবির বহুল আলোচিত নির্বাচন।
পাইলট ক্যাটাগরি-৩ থেকে কাউন্সিলর মনোনীত হয়ে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই ক্যাটাগরিতে মোট ৪৩ জন কাউন্সিলর ভোট দেন। তাদের মধ্যে ৩৫ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন খালেদ মাসুদ পাইলট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মনোনীত দেবব্রত পাল পেয়েছেন ৭ ভোট। বাকি একটি ভোট বাতিল হয়েছে বলে জানা গেছে।
ক্যাটাগরি-৩ মূলত সাবেক ক্রিকেটারদের ক্যাটাগরি হলেও এতে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসারসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও ভোট দেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানের মনোনীত প্রতিনিধিরাও এ ভোটে অংশ নেন।
এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পাঁচজন কাউন্সিলরের ভোটও যুক্ত হয় এই ক্যাটাগরিতে। তাদের সম্মিলিত ভোটে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট।


