৪ দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

৪ দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’
ইনকিলাব মঞ্চ
Advertisement
Advertisement

শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শনিবার থেকে সারা দেশে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত এ কর্মসূচি চলবে।

এই সময়ে সংগঠনটির নেতাকর্মীরা সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে গিয়ে হাদি হত্যার বিচার নিশ্চিতে সহযোগিতা চাইবেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় ঢাকার শাহবাগে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি জানান, ৩–৬ জানুয়ারি পর্যন্ত তারা ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করবেন। কর্মসূচিতে ওসমান হাদি হত্যার বিচারসহ চার দফা দাবিসংবলিত লিফলেট নিয়ে শাহবাগসহ সাত বিভাগের সব গুরুত্বপূর্ণ পয়েন্টে যাবেন। সরকার, সব রাজনৈতিক দল ও বাংলাদেশপন্থী সাংস্কৃতিক সংগঠনগুলোর কাছে গিয়ে তাদের সহযোগিতা চাইবেন।

আরও পড়ুন

তিনি বলেন, ‘তারা সহযোগিতা করলে ভালো, না করলে রাজপথে চূড়ান্ত আন্দোলনে নামা হবে।’ জনগণকে এই কর্মসূচিতে সহযোগিতার আহ্বানও জানান তিনি।

ইনকিলাব মঞ্চের চার দফার মধ্যে রয়েছে, খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করা। বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করা। ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা।

গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারে অংশ নিয়ে ফেরার পথে ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। পাশের একটি চলন্ত মোটরসাইকেল থেকে অটোরিকশায় থাকা হাদিকে গুলি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার পর তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে মারা যান ওসমান হাদি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর