দেশের স্বাস্থ্যখাতে তিন হাজার চিকিৎসক নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত ৪৮ তম (বিশেষ) বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
এই পরীক্ষার মাধ্যমে সহকারী সার্জন পদে দুই হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
শুরুতে পিএসসির পক্ষ থেকে জানানো হয়েছিল তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। তবে প্রকাশিত ফলাফলে তিন হাজার ১২০ জনের নাম ঘোষণা করা হয়েছে।
সেখানে বলা হয়, ‘৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এ মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে২,৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে।’
এ বিষয়ে বিস্তারিত পিএসসি ও টেলিটকের ওয়েবসাইটে জানা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গত ১৮ জুলাই সকালে এই বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে অংশ নেন ৪১ হাজার ২৫ প্রার্থী। সে হিসেবে প্রতি আসনের জন্য লড়েছেন ১৪ চিকিৎসক।
৩০০ নম্বরের পরীক্ষার মধ্যে এমসিকিউ ছিল ২০০ নম্বরের এবং মৌখিক পরীক্ষার জন্য বরাদ্দ ছিল ১০০ নম্বর।


