তিন দিনের সরকারি সফরে রোববার সকালে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সফরকালে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভের সঙ্গে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী হুমায়ুন কবির এ সফরে তার সঙ্গে রয়েছেন।
এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সের্গেই লাভরভের আমন্ত্রণে ৭ থেকে ৯ জুন পর্যন্ত রাশিয়া সফর করবেন খলিলুর রহমান।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা জানান, ৮ জুন মস্কোয় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতির সাম্প্রতিক পরিবর্তন গুরুত্ব পাবে। পাশাপাশি বাণিজ্য, জ্বালানি, শিক্ষা এবং বহুপাক্ষিক সহযোগিতাসহ বিভিন্ন খাতে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের সম্ভাবনাও পর্যালোচনা করা হবে।
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। বিশেষ করে জ্বালানি, বাণিজ্য, শিক্ষা এবং আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহযোগিতা দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হয়।
সফর শেষে আগামী ৯ জুন ঢাকায় ফেরার কথা রয়েছে খলিলুর রহমানের।


