হবিগঞ্জে রাস্তা ভরাট ও পানি নিষ্কাশনের নালা বন্ধ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার দুপুরে হবিগঞ্জের লাখাইয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, এদিন দুপুরে উপজেলার বামৈ ইউনিয়নের কাটিহারা পূর্ব পাড়া গ্রামে রাস্তা ভরাট করে আব্দুল কাদির। এতে গ্রামবাসীর পানি নিষ্কাশনের নালা বন্ধ হয়ে যায়। ফলে গ্রামের লোকজন রাস্তা ভরাটে বাধা দিলে আব্দুল কাদিরের লোকজনের সাথে তাদের সংঘর্ষ বাধে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, রাস্তা ভরাট নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


