মালয়েশিয়া থেকে আমদানি করা ২৭ হাজার ৩০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে পানামা পতাকাবাহী ট্যাংকার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও দেশের জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সরকারের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তত্ত্বাবধানে ডিজেলের এই চালান দেশে এসেছে।
বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিসি জানায়, পানামা পতাকাবাহী ট্যাংকারটি মঙ্গলবার ভোর ৩টার দিকে ডলফিন জেটি-০৫-এ নোঙর করে। ‘পিভিটি সোলানা’ নামক ডিজেল কার্গোটি সরবরাহ করেছে মালয়েশিয়াভিত্তিক পেটকো ট্রেডিং লাবুয়ান কোম্পানি।
জাহাজটি পৌঁছানোর সময় বিপিসির কর্মকর্তারা জেটিতে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার দুপুরের দিকে জ্বালানি খালাস (পাম্পিং) কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা বিপিসি জানায়, এপ্রিলের প্রথম সপ্তাহে চট্টগ্রাম বন্দরে আরও দুটি জ্বালানিবাহী জাহাজ আসার কথা রয়েছে। ‘ইউয়ান জিং হে’ নামের জাহাজটি সিঙ্গাপুর থেকে ৩০, হাজার মেট্রিক টন ডিজেল আনবে এবং ‘সেন্ট্রাল স্টার’ জাহাজটি ২৫ হাজার মেট্রিক টন অকটেন নিয়ে আসবে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা সত্ত্বেও, সরকার দেশজুড়ে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সক্রিয় রয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিপিসির সঙ্গে সমন্বয় করে আমদানি ও বিতরণ কার্যক্রম তদারকি করছে বলেও জানায় বিপিসি।
বিপিসি আরও জানায়, বিভিন্ন দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সঙ্গে দুই সরকারের মধ্যেকার চুক্তি এবং আন্তর্জাতিক টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে পরিশোধিত ও অপরিশোধিত উভয় ধরনের জ্বালানি আমদানির সমন্বয়ে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।


