ন্যাটোর সদস্য দেশগুলোর গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সতর্ক করেছেন, ২০৩০ সালের মধ্যে জোটভুক্ত দেশগুলোর ওপর হামলা করতে পারে রাশিয়া। এই হুমকির মুখে যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিনিয়োগ আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি।
শুক্রবার একটি প্রতিরক্ষা কারখানা পরিদর্শনের সময় স্টারমার এই আশঙ্কার কথা জানান। তিনি বলেন, ‘প্রতিরক্ষা খাতে বিনিয়োগের গুরুত্ব প্রমাণের জন্য যদি নতুন কিছু প্রয়োজন হয়, তবে ব্রিটেন ও ন্যাটোভুক্ত দেশগুলোর গোয়েন্দা মূল্যায়ন যথেষ্ট। তাদের মতে, ২০৩০ সালের মধ্যে জোটের ওপর রাশিয়ার একটি হামলা হতে পারে।’
স্টারমার আরও জানান, যুক্তরাজ্য বেশ কিছুদিন ধরে একটি নতুন প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনা নিয়ে কাজ করছে, যা আগামী ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে প্রকাশ করা হবে। এই সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও অভিহিত করেন তিনি।
এর আগে, বিবিসি রেডিও-৪-এর এক অনুষ্ঠানে যুক্তরাজ্যের চিফ অব দ্য ডিফেন্স স্টাফ এয়ার চিফ মার্শাল রিচার্ড নাইটনও একই ধরনের সতর্কবার্তা দেন। তিনি বলেন, ‘রাশিয়া বর্তমানে সাইবার হামলা, প্রযুক্তি পাচার ও গুপ্তহত্যার চেষ্টার মাধ্যমে যুক্তরাজ্যের প্রতিরক্ষা ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে।’
রিচার্ড নাইটন বর্তমান সময়কে গত কয়েক দশকের মধ্যে ব্রিটেনের জন্য সবচেয়ে বিপজ্জনক সময় হিসেবে উল্লেখ করে বলেন, ‘সম্ভাব্য দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য এখন থেকেই দেশকে প্রস্তুত করা প্রয়োজন।’


