ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আলোচনা করতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখো করতে চায় নির্বাচন কমিশন। আগামী ১০ বা ১১ ডিসেম্বর তার সাক্ষাতের জন্য সময় চেয়ে এরই মধ্যে চিঠিও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আয়োজিত এক কর্মশালায় এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ‘তফসিল ও গণভোট নিয়ে আলোচনা করতে ১০ অথবা ১১ ডিসেম্বর দুপুর ১২ টায় রাষ্ট্রপতির স্বাক্ষাৎ চেয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। আজ দুপুরে বঙ্গভবন বরাবর এ চিঠি পাঠানো হয়েছে।’
সচিব আরও জানান, নির্বাচন কমিশনের নতুন দল নিবন্ধনের তালিকায় যুক্ত হতে যাচ্ছে জনতার দল ও আমজনতার দল। পুনঃতদন্তের পর এই দুইটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘পুনঃতদন্তে আমজনতার দল ও জনতার দল এর জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। দল দুটি নিবন্ধন পাওয়ার শর্তপূরণ করায় কমিশন নিবন্ধন দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।’


