দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। হাম ও হামের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন নিশ্চিত হাম রোগী এবং অপর দুজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১১৫ জন নতুন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে এবং ল্যাবরেটরিতে নতুন করে ১২৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
গত এক মাসে হামে মোট নিশ্চিত মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া সন্দেহজনক মৃত্যু হয়েছে ১৭৪ জনের। একই সময়ে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৪৬৭ জনে। এর মধ্যে ৩ হাজার ১৯২ জনের শরীরে পরীক্ষাগারে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
মৃত্যুর সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ২ জন এবং বরগুনা জেলায় ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি সংক্রমণ ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই ৫১৫ জন নতুন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। এ বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে।
রাজশাহী বিভাগে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ৪ হাজার ১৭১ জন এবং চট্টগ্রাম বিভাগে ২ হাজার ৮০৭ জন। অন্যান্য বিভাগেও নতুন রোগী বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১৩ হাজার ৮৯৮ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ১১ হাজার ২৪৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ‘জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬’ জোরদার করেছে। গত ৫ ও ১২ এপ্রিল শুরু হওয়া বিশেষ ক্যাম্পেইনে এ পর্যন্ত লক্ষ্যমাত্রার ১০৩ শতাংশ শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সিটি করপোরেশনগুলোর মধ্যে ময়মনসিংহ সিটি করপোরেশনে সর্বোচ্চ ১১৯ শতাংশ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে ১১৬ শতাংশ কভারেজ অর্জিত হয়েছে। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশনে এ হার তুলনামূলক কম, ৮৯ শতাংশ।


