চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের জেরা শেষ হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১১ মে দিন ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২, এ আদেশ দেয়। এর আগে তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা। পরে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন নির্ধারণ করা হয়। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।
এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয় জনকে হত্যার ঘটনায় দায়ের করা এ মামলায় হানিফসহ চারজন আসামি। চার আসামিই পলাতক। এ মামলার অন্য তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
হানিফসহ চারজনের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। সেগুলো হল, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে ‘আন্দোলন দমনের জন্য ছাত্রলীগ যথেষ্ট’ ওবায়দুল কাদেরের এমন বক্তব্যে একমত পোষণ করা, ২৯ জুলাই কুষ্টিয়ায় একটি মিটিং করে ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দেওয়া ও ষড়যন্ত্র এবং ছয়জনকে হত্যা।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ঘিরে কুষ্টিয়ায় ছয়জন হত্যার শিকার হন। একই সঙ্গে আহত হন বেশ কয়েকজন। এর পরিপ্রেক্ষিতে মাহবুব আলম হানিফসহ আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা হয়। গত বছরের ৬ অক্টোবর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। গত বছরের ২ নভেম্বর হানিফসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরু হয়।


