ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের অবস্থান নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ফয়সাল দুবাইয়ে অবস্থান করছেন বলে দাবি করেছেন।
হাদি হত্যাকাণ্ডের পর প্রথমে বাংলাদেশের পুলিশ বলেছিল তারা হত্যাকারী হিসাবে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে কিছুই জানে না। এর কয়েকদিন পরই আবার পুলিশ দাবি করে, অভিযুক্ত ফয়সাল মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে গেছেন। তবে এই দাবি নাকচ করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও মেঘালয় পুলিশ। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফয়সাল নামে কেউ সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকেছেন—এমন কোনো প্রমাণ বা তথ্য তাদের কাছে নেই।
ভাইরাল ভিডিওতে ফয়সালের নতুন দাবি
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ৪ মিনিট ১ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে খয়েরি রঙের হুডি পরা এক যুবক নিজেকে ফয়সাল করিম মাসুদ হিসেবে পরিচয় দেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়: “আমি হাদি হত্যার সাথে কোনোভাবেই জড়িত নই। এটি একটি চক্রান্ত। পরিস্থিতির কারণে আমি দেশ ছাড়তে বাধ্য হয়েছি এবং বর্তমানে দুবাইয়ে অবস্থান করছি।”
ফয়সাল আরও দাবি করেন, তার কাছে দুবাইয়ের ৫ বছরের ‘মাল্টিপল ভিসা’ ছিল এবং তিনি অনেক কষ্টে দেশ ছেড়ে দুবাই পৌঁছাতে সক্ষম হয়েছেন। তবে কোন পথে বা কীভাবে তিনি সেখানে গেলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
হাদির সাথে সম্পর্কের ব্যাখ্যা
ভিডিওতে ওই যুবক নিহত শরীফ ওসমান হাদির সাথে নিজের পরিচয়ের কথা স্বীকার করেন। তিনি জানান, তিনি একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে যুক্ত। সেই কাজের সূত্র ধরেই হাদির অফিসে তার যাতায়াত ছিল এবং তাদের মধ্যে যোগাযোগ গড়ে উঠেছিল। তবে এই পরিচয়ের অর্থ এই নয় যে তিনি হত্যাকাণ্ডে জড়িত—এমনটাই তার দাবি।
উত্তপ্ত পরিস্থিতি
তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর রাজধানীতে দুটি সংবাদপত্র অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো সহিংস ঘটনাও ঘটেছে। অভিযুক্ত ফয়সাল ভারতে পালিয়ে গেছে-এই অভিযোগ এনে ভারতীয় হাইকমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল হয়েছে, চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টারে হামলাও হয়েছে।
এমন পরিস্থিতিতে হাদী হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলো।


