ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এক বিবৃতিতে একথা জানিয়েছেন।
ডিএমপি ‘ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা’ জানাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে সন্দেহভাজন ব্যক্তি ও স্থানগুলো তল্লাশি চলছে।
তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস, সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার মতো এই ন্যক্কারজনক হামলায় জড়িতদেরও দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে।’
এই ঘটনায় আতঙ্কিত না হয়ে ঘটনায় জড়িতদের সম্পর্কে কোন তথ্য থাকলে তা নিকটস্থ থানা অথবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে জানাতে নগরবাসীকে অনুরোধও করা হয়েছে বিবৃতিতে।
শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বের হওয়ার পর রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। তিনি ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠনের মুখপাত্র। তার পুরো নাম শরিফ ওসমান হাদি হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ওসমান হাদি নামে পরিচিত।


