ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ঢাকার সাভারে অবস্থিত এনাম মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসককে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মোতাহার হোসেন ভূঁইয়ার সই করা এক নির্দেশনায় মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে এই অব্যাহতি দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, ‘সম্প্রতি ফেসবুকে ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আপনাকে মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক (মেডিসিন বিভাগ) পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো।’
আদেশটি ১৯ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, সে বিষয়ে আগামী সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
একই নির্দেশনায় জানানো হয়, ডা. তাজিন আফরোজ শাহকে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) সেক্রেটারি জেনারেলের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারে অংশ নিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
হাদির মৃত্যুর পরপরই এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. তাজিন আফরোজ শাহের ফেসবুক আইডি থেকে ওসমান হাদিকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করা হয়েছে, এমন একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
তবে ডা. তাজিন আফরোজ শাহ দাবি করেছেন, তার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছিল। পরে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, আইডি হ্যাক হওয়ার পাশাপাশি তার কাছে অর্থও দাবি করা হয়েছিল।


