ঢাকার হাজারীবাগ থেকে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মনেশ্বর দ্বিতীয় লেনের মাজার বটতলা এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
স্থানীয়দের দাবি, ঋণগ্রস্ত হয়ে পড়ায় ও পারিবারিক কলহের জেরে আরিফ (৩৫) নামক ওই রিকশাচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মরদেহের সুরতহাল প্রতিবেদনে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান লিখেছেন, নিহতের প্রচুর ঋণ ছিল। তিনি বাসার টিভি, ফ্রিজ বিক্রি করেও ঋণ পরিশোধ করতে পারেননি। এ নিয়ে স্ত্রীর সাথেও তার কলহ চলছিল। ঝামেলা করে তার স্ত্রী রোকসানা মঙ্গলবার সকালে বাবার বাড়িতে চলে যান এবং পরে তাকে সেখান থেকে আনতে গেলেও তিনি আরিফের সাথে ফেরেননি।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, ওইদিনই রাত ১১টা থেকে বুধবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত সাংসারিক বিষয়াদি নিয়ে স্বজনদের সাথে আরিফের আলোচনা হয়। পরে ভোর সাড়ে ৪টার পর থেকে সকাল ৭টার মধ্যে কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন। পরবর্তীতে পরিবারের লোকজন টের পেয়ে থানায় খবর দেয়।


