দুর্নীতি মামলায় গ্রেপ্তার রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে জামিন দিয়েছে হাইকোর্ট।
রোববার বিচারপতি মো. আতোয়ার রহমান এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. ফজলুর রহমান, এ এম মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মামুন মাহবুব ও কাজী আহসান হাবিব।
দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খান মো. মইনুল হাসান লিপন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো.রুহুল কুদ্দুস কাজল।
এর আগে, ২০২৫ সালের ৬ আগস্ট নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে তাকে পাঁচ দিনের রিমাণ্ডে নেওয়া হয়। গত ৪ সেপ্টেম্বর মহানগর বিশেষ জজ আদালত জামিন নামঞ্জুরের পর তিনি হাইকোর্টে আবেদন করেন।
গত বছরের ৬ জুন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিশেষ উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ ও এ কে এম নূর-উন-নবীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় প্রকল্পের আওতায় শেখ হাসিনা ছাত্রী হল ও ড. ওয়াজেদ মিয়া রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ভবন নির্মাণে প্রায় ৪ কোটি টাকার অনিয়ম ও আত্মসাতের অভিযোগ আনা হয়।
২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত নাজমুল আহসান কলিমুল্লাহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপচার্যের দায়িত্বে ছিলেন। এর আগে ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত অধ্যাপক এ কে এম নূর-উন-নবী উপাচার্য ছিলেন।


