জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
এর আগে, গত ৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে অমর্ত্যের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। সেখানে বলা হয়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রত্নতত্ত্ব বিভাগে ভর্তি হওয়া অমর্ত্য জাকসুর গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারার আলোকে ভোটার ও প্রার্থী হওয়ার যোগ্য নন। তাই ভোটার ও প্রার্থী তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে।
সোমবার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে আদালত অমর্ত্যের প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার আদেশ দেন। কিন্তু মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। ফলে অমর্ত্যের নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন। প্রগতিশীল শিক্ষার্থীদের জোট ‘সম্প্রীতির ঐক্য’ থেকে সহসভাপতি পদে প্রার্থী ছিলেন অমর্ত্য রায়। এই প্যানেলে সাধারণ সম্পাদক পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শরণ এহসান, যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে নৃবিজ্ঞান বিভাগের নুর এ তামীম স্রোত এবং যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ফারিয়া জামান নিকি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলে ছাত্র ইউনিয়নের একটি অংশ ছাড়াও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন, ইন্ডিজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, গণকৃষ্টি, চলচ্চিত্র আন্দোলন, জহির রায়হান চলচ্চিত্র সংসদ, জাহাঙ্গীরনগর ফটোগ্রাফি সোসাইটি, জাহাঙ্গীরনগর থিয়েটার অডিটোরিয়াম ও জলসিঁড়ি সংগঠন যুক্ত রয়েছে।


