হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। যদিও কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে হেলিকপ্টারে থাকা দুই পাইলটই নিরাপদ আছেন বলে জানা গেছে।
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, হরমুজ প্রণালির আশপাশে বিধ্বস্ত হওয়া একটি হেলিকপ্টারের পাইলটরা নিরাপদ আছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার রাতে নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন।
এর আগে, প্রথমে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি অ্যাপাচি আক্রমণাত্মক হেলিকপ্টার হরমুজ প্রণালির কাছে অনির্দিষ্ট পরিস্থিতিতে বিধ্বস্ত হয়েছে। সোমবার ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর এই ঘটনা ঘটে।
হেলিকপ্টারটি ইরানের গুলিতে ভূপাতিত হয়েছে কি না বা যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে কি না, অথবা অন্য কোনো কারণে দুর্ঘটনাটি ঘটেছে কি না এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনার বিষয়ে মন্তব্য চেয়ে গণমাধ্যমগুলোর জানানো অনুরোধে কোনো সাড়া দেয়নি।


