উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রার নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানকে আহ্বান জানিয়েছেন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের সাইডলাইনে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদের সঙ্গে সাক্ষাতে এই অনুরোধ জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেকে অনুরোধ করেন, যাতে তিনি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রমের ব্যবস্থা করেন।
খলিলুর রহমান বলেন, ‘হরমুজ পারাপারের অনুমতিপ্রাপ্ত ছয়টি দেশের তালিকায় ইরান যখন বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে, তখন আমরা অত্যন্ত কৃতজ্ঞ ছিলাম।’
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেন, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিষয়ে উভয় পক্ষ নিয়মিত যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছে।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের ধারাবাহিক ও ভারসাম্যপূর্ণ অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং সব পক্ষকে সংযম প্রদর্শন ও আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির গুরুত্ব তুলে ধরেন।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের গঠনমূলক অবস্থানের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক সুবিধাজনক সময়ে তেহরান সফর করবেন।


