হবিগঞ্জের বাহুবল উপজেলায় নির্মাণাধীন ঘরের পানির পাম্পের বৈদ্যুতিক লাইন সচল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী বাবা ও তার ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পূর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) প্রবাসী মো. আইন উদ্দিন (৫০) এবং তার ছেলে রাশেদ মিয়া (১৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব ভাদেশ্বর গ্রামে আইন উদ্দিনের একটি নতুন বসতঘর নির্মাণের কাজ চলছিল। এদিন দুপুরে ওই নির্মাণাধীন ঘরের পানির পাম্পের বৈদ্যুতিক লাইনে হঠাৎ ত্রুটি দেখা দেয়। এ সময় মো. আইন উদ্দিন ও তার ছেলে রাশেদ মিয়া বৈদ্যুতিক সংযোগটি সচল করার চেষ্টা করেন। মেরামতের এক পর্যায়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে দ্রুত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকতার মিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই সদস্যের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহের সুরতহালসহ পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়ার কার্যক্রম চলছে।


