হজযাত্রীদের সেবায় কোনো ত্রুটি রাখা হবে না বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানী ঢাকার আশকোনায় আকস্মিকভাবে হজক্যাম্প পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
চলতি হজ মৌসুমের প্রথম ফ্লাইট উড্ডয়ন করবে শুক্রবার রাতে। সে লক্ষ্যে বৃহস্পতিবার থেকেই হজক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা। রাতে ২০২৬ সালের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রী এ সময় হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানের সামগ্রিক বিষয়ে খোঁজখবর নেন এবং হজক্যাম্পে সার্বিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের হজযাত্রার প্রস্তুতি, থাকা-খাওয়া ও অন্যান্য বিষয়ে খোঁজ নেন।
ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডারদের সঙ্গেও কথা বলেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, ‘হজযাত্রীরা হচ্ছেন আল্লাহর মেহমান। তাদের সেবাকে খেদমত হিসেবে দেখতে হবে। কোনোভাবেই যেন তারা কষ্ট না পান- তা নিশ্চিত করতে হবে।’
মন্ত্রী জানান, হজযাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে, নিরাপদ ও নির্বিঘ্নে পবিত্র এই সফরে যেতে পারেন সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি হজযাত্রীদের সেবায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার অনুরোধ জানান।


