আগামী বৃহস্পতিবার ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম দিন সরকারিভাবে কোনো বই উৎসবের আয়োজন করা হচ্ছে না। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে গত বছরের মতো এবারও রাষ্ট্রীয়ভাবে বই বিতরণের কোনো অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে না।
স্থানীয়ভাবে শিক্ষকরা শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরণ করবেন। যদিও বছরের প্রথম দিন বই পাবে না মাধ্যমিক স্তরের অন্তত অর্ধেক শিক্ষার্থী।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক স্তরের শতভাগ বই বিতরণের জন্য প্রস্তুত হলেও মাধ্যমিকে অর্ধেকের মতো বই এখনো বিতরণের জন্য প্রস্তুত করা সম্ভব হয়নি। বিশেষ করে অষ্টম শ্রেণির ৬৯ শতাংশ এবং সপ্তম শ্রেণির মাত্র ৫৬ শতাংশ বই বিতরণের জন্য প্রস্তুত হয়নি।
মঙ্গলবারের সবশেষ তথ্য অনুযায়ী, মাধ্যমিকের মোট ২১ কোটি ৪৩ লাখ পাঠ্যবইয়ের মধ্যে এখনো বিতরণের জন্য প্রস্তুত নয় অন্তত ৭ কোটি ২০ লাখ কপি বই।
এর মধ্যে সপ্তম শ্রেণিতে ৪ কোটি ১৫ লাখ বইয়ের মধ্যে বিতরণের জন্য প্রস্তুত মাত্র ১ কোটি ৮২ লাখ (৪৪ শতাংশ), অষ্টম শ্রেণির ৪ কোটি ২ লাখ বইয়ের মধ্যে বিতরণের জন্য প্রস্তুত মাত্র ১ কোটি ২৪ লাখ (৩১ শতাংশ)।
এছাড়াও ষষ্ঠ শ্রেণিতে ৪ কোটি ৪৩ লাখ বইয়ের মধ্যে বিতরণের জন্য প্রস্তুত ৩ কোটি ৪১ লাখ (৭৭ শতাংশ), নবম শ্রেণিতে ৫ কোটি ৭০ লাখ বইয়ের মধ্যে বিতরণের জন্য প্রস্তুত ৪ কোটি ৪৪ লাখ (৭৮ শতাংশ)।
এ ব্যাপারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক ড. রিয়াদ চৌধুরী টাইমসকে বলেন, ‘গত বছরও বই উৎসব হয়নি। এবারও রাষ্ট্রীয়ভাবে হবে না। মাধ্যমিকের সব বই ১৫ জানুয়ারি নাগাদ স্কুলগুলোতে পৌঁছে দেওয়া সম্ভব হবে। সেই লক্ষ্যেই কাজ করছে এনসিটিবি।’
তবে প্রাথমিক স্তরের পাঠ্যবই বিতরণের কাজ এরই মধ্যে চলমান রয়েছে বলে জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।
তিনি বলেন, ‘বছরের প্রথম দিনেই প্রাথমিকের শতভাগ শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হবে। এরই মধ্যে স্কুলগুলোতে বই পৌঁছে গেছে।’
নতুন বছরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা চেয়েছেন তিনি।
দীর্ঘদিন ধরেই নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন দেশের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের সরকারি পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। সরকার প্রধান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার দিনটিকে দীর্ঘদিন ধরেই বই উৎসব হিসেবে পরিচিত।
২০২৫ সালের প্রথম দিনও শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার মতো পর্যাপ্ত বই প্রস্তুত করতে না পারায় বই উৎসব হয়নি।
তবে সেবার বছরের প্রথম দিন বই উৎসবের পরিবর্তে তৎকালীন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন করেছিলেন।
এবার ২৮ ডিসেম্বর শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার ২০২৬ সালের পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন করেছেন।


