হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে একটি কার্গো উড়োজাহাজ সাগরে পড়ে দুইজন নিহত হয়েছেন। তারা বিমানবন্দরের কর্মী ছিলেন। তবে প্রাণে বেঁচে গেছেন উড়োজাহাজে থাকা চার ক্রু সদস্য।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
হংকং সিভিল অ্যাভিয়েশন বিভাগের বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সোমবার ভোর ৩টা ৫০ মিনিটের দিকে উড়োজাহাজটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে হংকং পৌঁছায়। উত্তর দিকের রানওয়েতে নামার সময় একটি গাড়ির সঙ্গে উড়োজাহাজটির ধাক্কা লাগে। এ সময় বিমানবন্দরের দুই কর্মী সাগরে পড়ে যান।
পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে মারা যান তারা। প্লেনে থাকা আহত চার ক্রু সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর বিমানবন্দরের সংশ্লিষ্ট রানওয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে, বিমানবন্দরের অন্য দুইটি রানওয়ে চালু রয়েছে।
উদ্ধার অভিযানে হংকং সরকারের ফ্লাইং সার্ভিসের হেলিকপ্টার এবং ফায়ার সার্ভিস বিভাগের উদ্ধারকারী জাহাজও অংশ নেয়।
বিমানবন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, সোমবার হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল এমন অন্তত ১১টি কার্গো ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ স্থানীয় সময় সকাল ১০টায় দুর্ঘটনার বিষয়ে সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছে।


