টানা আট দফা বৃদ্ধির পর কমলেও দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এতে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
সোমবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দাম ঘোষণা করেছে। এটি মঙ্গলবার থেকে সারা দেশে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার থেকে ২১ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম হবে ১ লাখ ৮২ হাজার ৪৯৫ টাকা, ১৮ ক্যারেটের এক লাখ ৫৬ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিপ্রতি দাম হবে ১ লাখ ২৯ হাজার ৭৯৭ টাকা।
সোমবার পর্যন্ত বাজারে ২২ ক্যারেটের ভরি বিক্রি হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকায়, ২১ ক্যারেট ১ লাখ ৮০ হাজার ৬৯৯ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৫৪ হাজার ৮৮৬ টাকায় এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ২৮ হাজার ৪৭৯ টাকায়।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার মান ও নকশাভেদে মজুরির অঙ্কে পরিবর্তন হতে পারে।
এর আগে, শনিবার বাজুস ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ১৫৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা নির্ধারণ করেছিল। ১৭ সেপ্টেম্বর আবার ২২ ক্যারেটের ভরি ১ হাজার ৪৭০ টাকা কমিয়ে ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকায় নামানো হয়েছিল।
চলতি বছর এখন পর্যন্ত ৫৬ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৯ বার বেড়েছে এবং ১৭ বার কমেছে।


