স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭১ বছর।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার জামাতা সরোয়ার জাহান। তিনি জানান, মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। পাশাপাশি তিনি ফুসফুসের সংক্রমণেও ভুগছিলেন।
বুধবার বিকfলে রিং পরানোর জন্য অস্ত্রোপচারের প্রস্তুতির সময় তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। পরে লাইফ সাপোর্টে নেওয়া হলেও রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সরোয়ার জাহান জানান, বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
তোফায়েল আহমেদ দেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থা ও গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠায় নিবেদিত ছিলেন। ২০২৪ সালের অক্টোবরে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় গঠিত নির্বাচনী সংস্কার কমিশনের সদস্য হিসেবে তিনি মনোনীত হন এবং পরবর্তীতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব গ্রহণ করেন।
১৯৫৫ সালের ৪ মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তিনি যথাক্রমে ফতেহাবাদ উচ্চবিদ্যালয় এবং চট্টগ্রাম কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করেন। তিনি ১৯৭৬ এবং ১৯৭৭ সালে যথাক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি ও প্রশাসনে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
১৯৮১ সালে সোয়ানসি বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক খাত পরিকল্পনা ও ব্যবস্থাপনায় দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন এবং ১৯৯১ সালে উন্নয়ন অধ্যয়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।
তিনি কর্মজীবন শুরু করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড)। সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি নলেজ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক ওয়ার্ল্ডওয়াইডের (নলেজ ট্রাস্ট) চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করেন।


