বিগত ১৫ মাসে দেশে নানা খাতে বেশ পরিবর্তন হয়েছে। এরই মধ্যে নানা ধরনের মানুষকে কাজের সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি হয়েছে। এটা অন্তবর্তীকালীন সরকারের বড় সফলতা বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
মঙ্গলবার দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে অনুষ্ঠিত সেমিনারে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ‘বর্তমান সরকার দেশে মডেল আকারে নতুনভাবে সব কাজ করছে। বিভিন্নভাবে সমস্যা সামনে আসছে, আমরা তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টাও করছি। ভবিষ্যৎ সরকারের জন্য আমরা অনেকগুলো নীতি পরিবর্তন করে দিচ্ছি। আগামীতে যে সরকারই আসুক তাদের কাজে লাগবে এবং তারা এটা চালিয়ে নেবে।’
দেশে গরুর মাংসের দাম একটু বেশি। তাই প্রান্তিক খামারিরা ভালো দাম পাচ্ছেন বলেও জানান তিনি।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) গাজী মো. ওয়ালি-উল-হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, বিএলআরআই এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক প্রমুখ।


