বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য স্বস্তির খবর। দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় কনসার্ট করতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত এই সংগীতানুষ্ঠান।
আয়োজকরা জানিয়েছেন, ২০২৫ সালে স্থগিত হওয়া কনসার্টের জন্য যারা টিকিট কিনেছিলেন কিন্তু অর্থ ফেরত নেননি, তাদের নতুন করে টিকিট কাটতে হবে না। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন ও তথ্য যাচাইয়ের পর তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে। এর জন্য অতিরিক্ত কোনো অর্থ পরিশোধ করতে হবে না।
উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকায় আতিফ আসলামের কনসার্ট আয়োজনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছিল। টিকিট বিক্রি থেকে মঞ্চ নির্মাণ—সবকিছুই শেষ পর্যায়ে ছিল। তবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর উদ্ভূত পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে অনুষ্ঠানটি নির্ধারিত সময়ের মাত্র দুই দিন আগে স্থগিত করা হয়।
তখন আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছিল, কনসার্টটি বাতিল করা হয়নি; বরং উপযুক্ত সময়ে নতুন করে আয়োজন করা হবে। একই সময়ে আতিফ আসলামও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের ভক্তদের উদ্দেশে বার্তা দিয়ে দ্রুত ফিরে আসার আশ্বাস দিয়েছিলেন।
অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তব রূপ পাচ্ছে। আয়োজকদের দাবি, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন, নিরাপত্তা ছাড়পত্র এবং অন্যান্য আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শিগগিরই অনুষ্ঠানস্থল এবং অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
এদিকে যারা আগে টিকিটের অর্থ ফেরতের আবেদন করেছিলেন কিন্তু এখনো অর্থ গ্রহণ করেননি, তারাও আবেদন প্রত্যাহার করে টিকিট পুনরুদ্ধারের সুযোগ পাবেন। যাচাই-বাছাই শেষে তাদের জন্যও নতুন টিকিট ইস্যু করা হবে।
নতুন দর্শকদের জন্য সীমিত সংখ্যক টিকিট বিক্রির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। টিকিটের মূল্য, ক্যাটাগরি এবং বিক্রির সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে।
আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক কাজী রাফসান বলেন, ‘গত বছর কনসার্ট স্থগিত হওয়ার পর আমরা দর্শকদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সুযোগ পেলেই অনুষ্ঠানটি আবার আয়োজন করব। দীর্ঘ সমন্বয় ও প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া শেষে আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে যাচ্ছি।’


