বাংলা চলচ্চিত্রপ্রেমীদের জন্য স্টার সিনেপ্লেক্স আয়োজন করেছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘সামার বাংলা হিট ফেস্ট’। এতে ‘বরবাদ’, ‘তাণ্ডব’, ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ দেখানো হবে।
১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী সিনেপ্লেক্সের সব শাখায় প্রদর্শিত হবে চলচ্চিত্রগুলো। অগ্রিম টিকিট পাওয়া যাবে স্টার সিনেপ্লেক্সের কাউন্টার এবং অফিসিয়াল ওয়েবসাইটে।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এ আছেন শাকিব খান ও ইধিকা পাল। অন্যদিকে রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’-এ আছেন শাকিব খান, জয়া আহসান, আফরান নিশো, সাবিলা নূর ও সিয়াম আহমেদ।
তানিম নূর পরিচালিত ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ও দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। ‘উৎসব’-এ অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান।
হুমায়ূন আহমেদ-এর ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরিফুল রাজ, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন ও সাবিলা নূর।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘দেশের চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহ ক্রমান্বয়ে বাড়ছে। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বাংলা চলচ্চিত্র উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। দর্শকদের এই আগ্রহ থেকেই আমরা ‘সামার বাংলা হিট ফেস্ট’-এর আয়োজন করেছি।’


