পিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় স্কুলের এক শিক্ষক। মুখোশধারী হামলাকারীরা তার দুই পা ও ডান হাত ভেঙে দিয়েছে।
ভুক্তভোগী ব্যক্তির নাম বিপুল মিত্র (৫০)। তিনি জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এ সময় তার সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হন।
অসীম কুমার জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে স্কুল শেষে প্রধান শিক্ষক বিপুলের মোটরসাইকেলে তিনি পিরোজপুর শহরে ফিরছিলেন। পথে পিরোজপুর-নাজিরপুর সড়কের ঝরঝরিয়াতলা এলাকায় পৌঁছলে ৭-৮ জন দুর্বৃত্ত তিন থেকে চারটি মোটরসাইকেলে এসে তাদের পথরোধ করে। পরে তারা বিপুল মিত্রকে এলোপাতাড়ি মারধর করে এবং এক পর্যায়ে তার দুই পা ও ডান হাত ভেঙে দেয়। এ সময় অসীম কুমারও আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে।
সেখান থেকে বিপুল মিত্রকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করা হয়েছে। তবে সহকারী শিক্ষক অসীমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রঞ্জন কুমার বলেন, ‘বিপুল মিত্রকে দুই পা ও ডান হাত ভাঙা অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে তাকে ঢাকায় পাঠানো হয়।’
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি।
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


