সৈয়দ আব্দুল হাদীর অজানা গল্প নিয়ে প্রামাণ্যচিত্র

সৈয়দ আব্দুল হাদীর অজানা গল্প নিয়ে প্রামাণ্যচিত্র
সৈয়দ আব্দুল হাদী ও শাইখ সিরাজ
Advertisement
Advertisement

বাংলা গানের কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জীবন, সংগীতযাত্রা ও শিল্পভাবনা নিয়ে বিশেষ সাক্ষাৎকারধর্মী প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। প্রামাণ্যচিত্রটির নাম ‘গল্প আছে এখানে…’।

বিশেষ এই আয়োজনে উঠে এসেছে সৈয়দ আব্দুল হাদীর দীর্ঘ সংগীতজীবনের নানা অজানা অধ্যায়, সংগ্রাম, সাফল্য এবং শিল্পচর্চার গল্প। কয়েক প্রজন্মের শ্রোতাপ্রিয় এই শিল্পী অনুষ্ঠানে স্মৃতিচারণ করেছেন তার শৈশব, সংগীতে পথচলা, বাংলাদেশের সংগীতের পরিবর্তন এবং সমকালীন শিল্পচর্চা নিয়ে নিজের ভাবনা।

এছাড়া তার জনপ্রিয় গানগুলোর পেছনের গল্প, সমাজ ও সময়ের সঙ্গে সংগীতের সম্পর্ক এবং একজন শিল্পীর দীর্ঘ পথচলার অভিজ্ঞতাও স্থান পেয়েছে প্রামাণ্যচিত্রটিতে।

প্রামাণ্যচিত্র নির্মাণ প্রসঙ্গে শাইখ সিরাজ বলেন, সৈয়দ আব্দুল হাদী শুধু একজন জনপ্রিয় শিল্পী নন, তিনি বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসেরও গুরুত্বপূর্ণ অংশ। তার গান ব্যক্তিগত স্মৃতি, সামাজিক পরিবর্তন এবং জাতির আবেগের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। নতুন প্রজন্মের কাছে একজন জীবন্ত কিংবদন্তির অভিজ্ঞতা ও দর্শন তুলে ধরতেই এই আয়োজন।
এর আগে শাইখ সিরাজ নায়ক রাজ রাজ্জাকে নিয়ে ‘রাজাধিরাজ রাজ্জাক’ এবং সাবিনা ইয়াসমিনকে নিয়ে ‘জুঁইফুল সাবিনা’ শীর্ষক প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিলেন।

সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ে ১ জুলাই বিকেল ৫টা ১৫ মিনিটে প্রামাণ্যচিত্রটি প্রচারিত হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad