সেনাবাহিনীর প্রটোকলে জীবনে প্রথমবারের মতো ভোট দিলেন তামিম ইকবাল। তিনি চট্টগ্রাম-৯ আসনের ভোটার। বৃহস্পতিবার সকাল ১১টায় আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভোট দেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের এই সাবেক অধিনায়ক বলেন, ‘ভোট সুষ্ঠু, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। জীবনে প্রথম ভোট দিতে পেরে ভালো লাগছে।’
ভোট শেষে সেনাবাহিনীর একই প্রটোকলে কেন্দ্র ত্যাগ করেন তামিম।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের ওই কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রের তিনটি বুথে সকাল ১০টা পর্যন্ত ৪৩৫টি ভোট পড়ে। কেন্দ্রটিতে মোট ভোটার দুই হাজার ৮৬২ জন।
প্রিসাইডিং অফিসার কেবিএম মোস্তফা জামান জানান, এই কেন্দ্রে ভোট দিতে ভোটারপ্রতি গড়ে দেড় থেকে দুই মিনিট সময় নিচ্ছেন। বয়স্ক ভোটারদের ক্ষেত্রে কিছুটা বেশি সময় লাগছে। তিনি বলেন, ‘শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।’


